রাজনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিলেন আহমদ বিলাল

প্রকাশিত: 12:29 PM, February 7, 2026

রাজনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিলেন আহমদ বিলাল

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আহমদ বিলাল।

শুক্রবার (৬ফেব্রুয়ারী ) দিবাগত রাতে জয়নাল মিয়া ও হারুন মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে শনিবার (৭ জানুয়ারি) সকালে মাওলানা আহমদ বিলাল ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুর্যোগে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মাওলানা আহমদ বিলাল দেশ ও প্রবাসে অবস্থানরত মৌলভীবাজারবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জয়নাল মিয়া ও হারুন মিয়ার পরিবার যেন এই কঠিন সময়ে একা না থাকে—সেজন্য সবাইকে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে হবে।

মাওলানা আহমদ বিলাল বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব। সবাই মিলে সহযোগিতার হাত বাড়ালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ