ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:24 PM, February 11, 2026
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উন্নয়ন পরিকল্পনা, সুশাসন ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল।
সোমবার ৯ ফেব্রুয়ারি রাতে রাজনগর উপজেলার মোকামবাজার এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
বক্তব্যে আহমদ বিলাল বলেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়, যা শান্তিপূর্ণ পরিবেশের জন্য ক্ষতিকর। তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ভোটকেন্দ্রের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সচেতন নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল থাকার কথা বলেন তিনি।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আহমদ বিলাল বলেন, মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া মনু নদী প্রতিবছর বর্ষা মৌসুমে রাজনগরের বিভিন্ন এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি করে, যার ফলে ঘরবাড়ি, ফসলি জমি ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ থাকলেও কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, নদীভাঙন রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
যোগাযোগ অবকাঠামো প্রসঙ্গে আহমদ বিলাল বলেন, জেলার বহু গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা বর্তমানে নাজুক। এসব সড়ক সংস্কার ও উন্নয়ন করা না হলে সার্বিক অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে।
টেংরা-তারাপাশা-শমশেরনগর সড়কসহ মৌলভীবাজার-টেংরা-কুলাউড়া-বড়লেখা, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার-শেরপুর সড়কের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, কাউয়াদিঘী হাওর ও কড়াইয়া হাওর সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্যখাত প্রসঙ্গে আহমদ বিলাল বলেন, মৌলভীবাজার জেলা শিক্ষার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার বিস্তার জরুরি।
তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ, কৃষি বিদ্যালয় ও একটি সার্ভে ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। পাশাপাশি শমশেরনগর বিমানবন্দর চালুর বিষয়টিকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনা কমিয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সময়ের দাবি।
সুশাসনের প্রসঙ্গে তিনি বলেন, ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। মানুষের মৌলিক চাহিদাকে প্রাধান্য দিয়েই রাজনৈতিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এর আগে তিনি সদর ও রাজনগরের উত্তরভাগ, পানিসাইল, মুন্সিবাজার, ইটা চা বাগান বাজার, টেংরা বাজার, তারাপাশা বাজার, পশ্চিম কদমহাটা, কদমহাটা ও গোবিন্দবাটি এলাকায় গণসংযোগ, মিছিল, জনসভা ও একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost