ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:56 AM, April 13, 2026
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। যুদ্ধ পরিস্থিতির কারণে ৩১ জন নাবিক নিয়ে জাহাজটি প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যে আটকে আছে।
গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে।
প্রায় ৪০ ঘণ্টা চলার পর আজ শুক্রবার সকালে এটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছে। এরপর জাহাজটি ভাড়া নেওয়া বিদেশি প্রতিষ্ঠান ইরান সরকারের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাইলেও তেহরান তা প্রত্যাখ্যান করে। ফলে জাহাজটি ঘুরিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের নাবিকরা।
বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরান সরকারের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকালে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তা নাকচ করা হয়েছে। তিনি বলেন, “এখন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। জয়যাত্রা বর্তমানে হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং আপাতত শারজার দিকে যাচ্ছে। অনুমতি পেলে পুনরায় প্রণালির দিকে রওনা হবে।”
তিনি আরও জানান, জাহাজে থাকা ৩৭ হাজার টন সারের গুণগত মান দুই মাস পর্যন্ত অক্ষুণ্ন থাকবে। এর মধ্যেই কূটনৈতিক উদ্যোগে সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিকের মনোবল দৃঢ় রয়েছে বলেও জানান তিনি। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত আছে। পানির ব্যবহার রেশনিং করে দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে সক্ষম, তবে এজন্য ইঞ্জিন সচল রাখতে হয়।
নাবিকদের সুযোগ-সুবিধা বাড়াতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “তাদের মনোবল অটুট রাখতে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। জনপ্রতি দৈনিক খাদ্য বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটি আটকা পড়ে।
গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস সম্পন্ন হয়। এরপর কুয়েতের একটি বন্দর থেকে নতুন পণ্য নেওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। যুদ্ধবিরতির পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হলেও হরমুজ প্রণালির মুখে গিয়ে আবার ফিরে আসতে হয়েছে। জাহাজটির ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা রয়েছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost