এসএসসির ফরম পূরণের সময় আবার বাড়ল

প্রকাশিত: 8:33 PM, May 30, 2021

এসএসসির ফরম পূরণের সময় আবার বাড়ল

বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শনিবার শেষ হয়েছে। সে সময় বাড়ানো হয়েছে। এখন আগামী ৫ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগ পাবে। আর ৬ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানানো হয়। এ কথা জানিয়ে সব স্কুল–কলেজের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে ঢাকা বোর্ড।

বোর্ড থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার পূরণের সময় আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুন। এসএসসি পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই। ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এসএসসির ফরম পূরণের সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। তবে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। দ্বিতীয় দফায় ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত ফরম পূরণ চলে। সে সময় আবারও বাড়ানো হলো।

এ সংক্রান্ত আরও সংবাদ