খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল, আসবে নতুন প্রকল্প

প্রকাশিত: 7:25 PM, June 1, 2021

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে-মিল হিসেবে খিচুড়ি রান্নার প্রকল্প আপাতত বাতিল করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ‘প্রাইমারি স্কুল প্রকল্প’ উপস্থাপন করা হলে তা বাতিল করা হয়।

প্রকল্পটির বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খিচুড়ি রান্নার ব্যবস্থা বাদ দিয়ে অন্য কী করা যায় সেটি ভাবতে হবে। কেননা রান্নাবান্না অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও প্রকল্পে সরকারি অর্থের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের কীভাবে অংশগ্রহণ করানো যায় সেটি তিনি ভাবতে বলেছেন।

জানা গেছে, প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রান্না করা খাবার না দিয়ে রান্না ছাড়া খাবারের পক্ষে মত দেন। তিনি প্রকল্পটি নতুনভাবে উপস্থাপনের নির্দেশ দেন।

কোন ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়া ১৭ হাজার কোটি টাকার মতো একটি বড় প্রকল্প কীভাবে এলো এমন প্রশ্ন ওঠে একনেক সভার পরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের খাবার দেওয়ার বিষয়ে বিশ্ব খাদ্য সংস্থার সহায়তায় একটি প্রকল্প চলমান রয়েছে। বলা যেতে পারে এটি তারই ধারাবাহিক প্রকল্প। প্রকল্পটি যেহেতু নতুন করে তোলা হবে তখন সার্বিক বিষয় বিবেচনা করা হবে।’

২০২১ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের জন্য শুরুতে মোট ব্যয় ধরা হয় এক হাজার ৯৬১ কোটি টাকা। এর মধ্যে খিচুড়ি রান্না ও পরিবেশনের প্রশিক্ষণ নিতে এক হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীর বিদেশ সফরের একটি প্রস্তাব ছিল, যা নিয়ে গতবছর ব্যাপক সমালোচনা হয়।

পরে পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে প্রস্তাব থেকে ব্যয়ের পরিমাণ এক হাজার ৬৭১ কোটি টাকা কমিয়ে ১৭ হাজার ২৯০ কোটি টাকা করা হয়েছে। প্রকল্পের পুরো অর্থ যোগানোর কথা ছিল সরকারের নিজস্ব তহবিল থেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ