ভ্যাকসিন ছাড়াই সুঁচ পুশ করলেন স্বাস্থ্য পরিদর্শক!

প্রকাশিত: 11:22 PM, August 2, 2021

ভ্যাকসিন ছাড়াই সুঁচ পুশ করলেন স্বাস্থ্য পরিদর্শক!

ভ্যাকসিন নিতে আসা মানুষদের ফাঁকা সুঁচ ঢোকানোর অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে

করোনাভাইরাসের টিকা নিতে আসা মানুষের শরীরে ফাঁকা (ভ্যাকসিন ছাড়া) সুঁচ ঢোকানোর অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি সোমবার (২ আগস্ট) ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সিভিল সার্জন অফিসে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ নম্বর বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় তিনি টিকা গ্রহণকারীদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ না করেই শুধু মাত্র সুঁচ প্রবেশ করিয়ে ভ্যাকসিনসহ সিরিঞ্জ ফেলে দেন। বিষয়টি টিকা নিতে আসা এক তরুণের নজরে আসলে ঘটনাটি সঙ্গে সঙ্গেই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামিমকে জানান। আবাসিক চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে ২০টি পরিত্যক্ত সিরিঞ্জের ভেতরে ভ্যাকসিন দেখতে পান। বিষয়টি জেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে ডেপুটি সিভিল সার্জন ঘটনাস্থলে উপস্থিত হন।

অভিযোগ প্রসঙ্গে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন বলেন, “অনেক লোকের চাপ ছিল। ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটে গেছে।”

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর কুমার বলেন, “এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিভিল সার্জন অফিসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি বিষয়টি তদন্ত করে সোমবার সিভিল সার্জন অফিসে প্রতিবেদন জমা দিয়েছেন। ইতিমধ্যে তাকে টিকা প্রয়োগের কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।”

এ ব্যাপারে ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হুসাইন চৌধুরী বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে এর সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ভ্যাকসিন শরীরে প্রয়োগ না করে তা ফেলে দিয়েছেন। যিনি ভ্যাকসিন দেয়ার দায়িত্বে ছিলেন তিনি আমাদের কাছে গাফিলতির কথা স্বীকার করেছেন।”

এ প্রসঙ্গে সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, “সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন ভ্যাকসিন ছাড়াই সুঁচ পুশ করার অভিযোগের সত্যতা মিলেছে। ২০টি পরিত্যক্ত সিরিঞ্জের ভেতরে পুরো ভ্যাকসিন পাওয়া গেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সুপারিশ করা হয়েছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ