আবারও অলরাউন্ডারদের শীর্ষে সাকিব

প্রকাশিত: 1:27 PM, August 12, 2021

আবারও অলরাউন্ডারদের শীর্ষে সাকিব

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার পেলেন সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ২০১৮ সালের পর এই সংস্করণে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব।

২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর চেয়ে ১ রেটিং পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব। এই রেটিং পয়েন্ট তাঁকে শীর্ষস্থান এনে দিয়েছে।

সাকিবের জন্য সময়টা দারুণ কাটছে। জুলাই মাসে আইসিসির সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনীত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই সংস্করণে প্রথম খেলোয়াড় হিসেবে ন্যূনতম ১০০ উইকেট ও ১০০০ রান করার রেকর্ড গড়েন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট ও দ্বিতীয় সর্বোচ্চ রান তুলে সিরিজসেরা হন সাকিব।

তবে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর এই সিরিজে পারফরম্যান্স দিয়ে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শুধু সাকিবই লাভবান হননি। এই সিরিজে দারুণ বোলিং করা পেসার মোস্তাফিজুর রহমানও টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন শীর্ষ দশে। ২০ ধাপ উন্নতি ঘটিয়ে ১০ম স্থানে উঠে এসেছেন তিনি। ৬১৯ রেটিং পয়েন্ট পেয়েছেন মোস্তাফিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে র‌্যাঙ্কিংয়ে এতটা উন্নতি করলেন মোস্তাফিজ। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি। ভারতের পেসার যশপ্রীত বুমরারও বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি ঘটেছে। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে উঠে এসেছেন এই পেসার।

এ সংক্রান্ত আরও সংবাদ