খালেদা জিয়াকে মুক্ত না করে নেতাকর্মীরা ঘরে ফিরবে না: মির্জা আব্বাস

প্রকাশিত: 9:00 PM, December 23, 2021

খালেদা জিয়াকে মুক্ত না করে নেতাকর্মীরা ঘরে ফিরবে না: মির্জা আব্বাস

গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে এই দলের নেতাকর্মীরা আর ঘরে ফিরবে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সময় সামনে লড়াই করার। হয় বাঁচবো না হয় মরবো- এই প্রতিজ্ঞা নিয়ে কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বিএনপি’র অন্যতম নীতি-নির্ধারক মীর্জা আব্বাস। গতকাল দুপুরে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মীর্জা আব্বাস এই আহ্বান জানান।
জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মশিউর রহমান। পুলিশি বাধা উপেক্ষা করে হাজারো লোকের এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি’র কেন্দ্রীয় নেতা এডভোকেট নিতাই রায় চৌধুরী, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, অমলেন্দু দাশ অপু, জেলা বিএনপি’র নেতা এড. সৈয়দ সাবেরুল হক সাবু, মারুফুল ইসলাম মারুফ, মফিকুল হাসান তৃপ্তি, আবুল হোসেন আজাদ, নাজনীন আক্তার মুন্নী প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান খান ও নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু।
এদিকে দীর্ঘদিন পর যশোর জেলা বিএনপি পুলিশি বাধা সত্ত্বেও একটি সফল জনসমাবেশ করায় দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। বিএনপি আয়োজিত এই সমাবেশে নানা শর্তজুড়ে পুলিশ প্রশাসন টাউন হল মাঠের পরিবর্তে বিডি হলে করার নির্দেশ দেন। কিন্তু বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের সাফ জবাব সমাবেশ টাউন হল ময়দানেই হবে। প্রয়োজনে আমার লাশের ওপর দিয়ে কর্মীরা ওই সমাবেশে অংশগ্রহণ করবে। বিএনপি নেতা অমিতের এই ঘোষণার মধ্য দিয়ে গতকাল ভোর থেকে যশোর টাউন হল ময়দানে দলে দলে বিএনপি’র নেতাকর্মীরা সমবেত হতে শুরু করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। রাত থেকে শহরের বিভিন্ন প্রবেশ মুখে পুলিশি কড়া প্রহরা বসানো হয়। বাস চলাচল সীমিত করার ফলে জন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও শহর বা শহরতলীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের প্রবেশ দ্বারগুলোসহ বিভিন্ন উপজেলা পর্যায়ে বিএনপি’র কর্মীরা পুলিশি বাধার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত তা উপেক্ষা করে টাউন হল ময়দানের সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলা এই সাবেশে কোনো প্রকার বিশৃঙ্খলার লেশ মাত্র ছিল না। বহুদিন পরে এ রকম একটি জনসমাগম ঘটায় শহরজুড়ে ছিল বিএনপি নেতাকর্মীদের বাধাহীন চলাচল।

এ সংক্রান্ত আরও সংবাদ