২২ জানুয়ারি আইনপুর খেলার মাঠে আসছেন তারেক রহমান প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার ও দলীয় নেতারা

প্রকাশিত: 5:17 PM, January 14, 2026

২২ জানুয়ারি আইনপুর খেলার মাঠে আসছেন তারেক রহমান প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার ও দলীয় নেতারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলার শেরপুরের খলিলপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নেবেন। এ জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
আসন্ন জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে আইনপুর প্লে গ্রাউন্ডের জনসভাস্থল পরিদর্শন করা হয়। এ সময় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
এ সময় জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি নেতারা জানান, তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এ জনসভাকে ঘিরে দলীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভাটি অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ