ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:06 PM, May 31, 2021
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সব সময় দেশের সব দলের ঐক্য চায়, কিন্তু তাদের দলেই ঐক্য নেই।
শনিবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির নেতারা নাকি বলেছেন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। অথচ বিএনপির জন্মটাই হয়েছে অগণতান্ত্রিকভাবে। বিএনপি যে অবৈধভাবে জন্মলাভ করেছে, সেটা হাইকোর্টের রায়েও বলা হয়েছে। যে দলটির জন্মটাই অবৈধ, সে আবার অপরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, এটি সত্যিই হাস্যকর।’
বিএনপি নেতাদের উদ্দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ বলেন, ‘আপনারা সব সময় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন, কিন্তু নিজের দলের মধ্যে কোনো ঐক্য নাই। বিএনপিকে অনুরোধ জানাব সব দলের ঐক্য নয়, আগে নিজের দলের ঐক্য প্রতিষ্ঠিত করুন।’
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের রাঙ্গুনিয়ায়ও দেখুন বিএনপি তিন ভাগে বিভক্ত, কেন্দ্রীয়ভাবেও বিএনপির এক নেতা একটি কথা বলেন, কিছুক্ষণ পর আরেক নেতা আরেকটি কথা বলেন, এইভাবে তাঁদের নিজেদের মধ্যেও ঐক্য নাই। আবার তাঁরা সব দলের ঐক্যের কথা বলেন।’
তিনি বলেন, ‘তাদের জোটভুক্ত একটি দল আছে “ঐক্য প্রক্রিয়া”। অর্থাৎ ঐক্য নেই বলে ঐক্যপ্রক্রিয়া চালাতে চান তাঁরা। সুতরাং বিএনপি ও তার মিত্রদের এসব বক্তব্য হাস্যকর। বিএনপিকে অনুরোধ জানাব, আগে নিজের দলের ঐক্য প্রতিষ্ঠা করুন।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বদলে গেছে, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। একই সঙ্গে এই করোনাকালেও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, পাকিস্তানকে আমরা অনেক আগেই ছাড়িয়েছি, বর্তমানে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশের মানুষের এখন মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার।
তিনি বলেন, ‘এই করোনাকালে যেখানে পৃথিবীর সব কটি দেশে মাথাপিছু আয় কমেছে, অর্থনীতি সংকুচিত হয়েছে, সেখানে বাংলাদেশের অর্থনীতি ও অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে। এটির জন্য বিএনপিসহ তার মিত্ররা একটু ধন্যবাদ জানাতে পারে নাই। সরকারকে ধন্যবাদ জানাতে লজ্জা লাগলেও দেশটাকে তো তাঁরা ধন্যবাদ জানাতে পারতেন। দেশের জনগণকে তো ধন্যবাদ জানাতে পারতেন, তাঁরা সেটিও করেননি।’
হাছান মাহমুদ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বহু পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর বিভিন্ন পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশের প্রতিটি গ্রাম বদলে গেছে। আজ থেকে ১২ বছর আগে যে গ্রাম ছিল, এখন আর সেই গ্রাম নেই। গ্রামের মেঠোপথ হারিয়ে গেছে। মেঠোপথ এখন ইট বিছানো কিংবা পিচঢালা পথে রূপান্তরিত হয়েছে। গ্রামে কুঁড়েঘর এখন আর সহজে খুঁজে পাওয়া যায় না। তার জায়গায় হয়েছে টিনের চালা কিংবা পাকা ঘর। আর এই বদলে যাওয়া কোনো জাদুর কারণে হয়নি, ‘জননেত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের’ কারণে হয়েছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost