নির্বাচনকেন্দ্রিক সব ধরনের সহিংসতা ও উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান

প্রকাশিত: 4:52 PM, February 11, 2026

নির্বাচনকেন্দ্রিক সব ধরনের সহিংসতা ও উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল সমর্থক ও ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনকেন্দ্রিক সব ধরনের সহিংসতা ও উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় আহমদ বিলাল বলেন, গত ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে তিনি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার সব ভোটারের কাছে সরাসরি পৌঁছাতে পারেননি। এ সময় কারও কাছে তাঁর বক্তব্য, আচরণ বা দাওয়াতে কোনো ত্রুটি হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন এবং চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত ও ঘুষমুক্ত এলাকা গড়ে তোলার চেষ্টা করবেন।
নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গে আহমদ বিলাল বলেন, কোনো অবস্থাতেই মারামারি, সংঘর্ষ বা সহিংসতায় জড়ানো উচিত নয়। নির্বাচন একটি নির্দিষ্ট সময়ের বিষয় হলেও সহিংসতায় ক্ষতি হলে তা আর পূরণ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই জনগণের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ভিডিও বার্তায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নির্ধারিত দিনে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকের দায়িত্ব। একই সঙ্গে তিনি কোনো ধরনের সংঘাত, উত্তেজনা, কাঁদাছোড়া বা সহিংস কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, “আমরা শান্তি চাই, অশান্তি চাই না। নির্বাচনী আচরণবিধি মেনে চলা সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই যেন আমরা নিজেদের মধ্যে ক্ষতির কারণ না হই।”

এ সংক্রান্ত আরও সংবাদ