মৌলভীবাজার সরকারি কলেজে ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’ এর নামফলক পুন:স্থাপন

প্রকাশিত: 10:27 PM, April 19, 2026

মৌলভীবাজার সরকারি কলেজে ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’ এর নামফলক পুন:স্থাপন

মৌলভীবাজার সরকারি কলেজে অবস্থিত ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’ এর নামফলক পুনরায় স্থাপন করা হয়েছে। পূর্বে ফ্যাসিস্ট শাসনামলে ভেঙে ফেলা এই নামফলকটি আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করা হয়।

এ উপলক্ষে শনিবার ১৮ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

প্রধান অতিথি নাসের রহমান বলেন, ফ্যাসিস্ট শাসনামলে একটি নিষিদ্ধ অঙ্গসংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামফলক ভেঙে দিয়েছিল। আজ আমরা কলেজ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সেটি প্রাতিষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করেছি। এটি শুধু একটি ফলক পুনঃস্থাপন নয়, বরং ইতিহাস ও আদর্শের পুনরুদ্ধার।

তিনি বলেন, অডিটোরিয়ামটির সংস্কারের জন্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে। “ইনশাআল্লাহ, আগামী কিছুদিনের মধ্যেই এই অডিটোরিয়ামের সংস্কার কাজ শুরু হবে এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মানসম্মত অডিটোরিয়ামে এটি রূপান্তর করা হবে,” বলেন তিনি।

কলেজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এমপি নাসের রহমান বলেন, ইতিমধ্যেই একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। এর আওতায় বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, মেয়েদের হোস্টেলের সংস্কার এবং পুরোনো কলেজ স্টেডিয়ামের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি শিক্ষক পদায়নসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান।

আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মো: ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় নামফলকটি ভেঙে ফেলা হয়েছিল। তাদের ইতিহাস ভাঙার, আর আমাদের ইতিহাস গড়ার।” তিনি আরও বলেন, বর্তমান এমপি ইতিমধ্যেই অডিটোরিয়ামসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন এবং কাজ শুরু করেছেন।

জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান বলেন, কলেজের অনেক উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ছিল। ১৯৯১ সালের পর বিএনপি সরকার দুই মেয়াদে থাকাকালে এখানে ব্যাপক উন্নয়ন হয়েছিল। পরবর্তীতে তেমন দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্তমান এমপি দায়িত্ব নেওয়ার পর উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেছেন, যা ইতিবাচক পরিবর্তন আনবে, বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের উপাধ্যক্ষ মনসুর আলম। তিনি বলেন, কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।

এর আগে এমপি নাসের রহমান কলেজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। পরে তিনি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ